গায়ে পড়া ​ভালোবাসা

অদিতি চক্রবর্তী (কলকাতা)

​ভালোবাসা ঝুলিয়ে রেখো না আর,
এবার গায়ে পরো
এখন পলাশ ফোটা উদাস বসন্ত—
কাশি বাড়লে, এঁটে দিও বাড়তি বোতাম-ঘর ও।
​মাপা আদরের ওমে যদি অস্বস্তি জাগে,
তবে না হয় খুলে রেখো একপাশে
যদি কোনো গোপন ক্ষত কিম্বা রোমশ ঠিকানায়–
সে ভালোবাসা কুটকুট করে বিষণ্ন আক্রোশে।
​অবহেলা করো না সেই ওমটুকু,
‘গায়ে পড়া’ বলে হেসো না তুচ্ছতায়
সবাই কি আর এমন শক্ত বুনন পায়?
কতজন তো হিমশীতল শূন্যতা গুনে চলে যায়।
​পুরোনো খামখেয়ালি যদি আলগা সুতোয় টানে,
ছিঁড়ে ফেলো সে সেলাই
বরং মালকোষে সুর তোলো ইচ্ছেধারী সানাই।
স্মৃতিরা তো নোনা ধরা পুরোনো দেওয়াল—
খসে পড়ে চুনকাম, একলা দাওয়ায়।
​কতটা বসন্ত কেটে গেল অপেক্ষার ভুলে!
ধুলো জমে আছে অনাদরের কবিতায়।
ভালোবাসা— সেই ‘গায়ে পড়া’ ভালোবাসা—
ঝুলিয়ে রেখো না আর,
সকলেই কি এমন আশ্রয় পায়?
​এসো, মাপসই করে নিই—
যেসব ইচ্ছে-বাড়ি জুড়ে একা একা থাকি
নইলে হাওয়ায় উড়বে ছাই, থেকে যাবে ফাঁকি।
জোর করে নয়, বরং বরণ করে নাও আজ—
ভালোবাসা নয় কোনো উচ্ছিষ্ট কারুকাজ।
​আগলে রাখার অভ্যাসটুকু রপ্ত করতে হয়,
তবেই আটপৌরে জীবনটাও হতে পারে মহিমাময়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *