রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে সমস্ত ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এবং জেলায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হয়ে উঠেছে পশ্চিম বর্ধমান জেলা পুলিশ। জেলা জুড়ে চলছে পুলিশ টহল। সীমান্ত জেলা হওয়ার জন্য প্রতিবেশী রাজ্য থেকে দুষ্কৃতিরা যাতে এখানে এসে কোনোরকম অশান্তি করতে না পারে তার জন্য পুলিশ অতিরিক্ত সতর্ক আছে। বিষয়টির তদারকি করছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ড. প্রণব কুমার স্বয়ং। এদিকে পুলিশ কমিশনারেটের অন্তর্গত ২৩ টি জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং। ১৯ নং জাতীয় সড়কের বাংলা ও ঝাড়খন্ড সীমানার কুলটি থানার ডুবরডিহি চেকপোস্টে চলছে কড়া নাকা চেকিং। এদিন ডুবুরডিহিতে নাকা চেকিং পরিদর্শনে আসেন পুলিশ কমিশনার। তিনি জানান নির্বাচনের আগে পুলিশ কমিশনারেটের যে ২৩ টি জায়গায় নাকা চেকিং চলছে সেইগুলো ঘুরে দেখা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থাকে ত্রুটিহীন রাখার চেষ্টা চলছে।

