ঝরা পাতার কাব্য

প্রদীপ কুন্ডু (বৈদ্যবাটী, হুগলী)

আমার কথা ছড়িয়ে দিলাম
তোমার হৃদয় আঙিনা জুড়ে,
আসবো আমি প্রতি বছর
শীতের পরশ সঙ্গে করে।

হিমেল হাওয়া গায়ে মেখে
থাকবো চেয়ে তোমার পানে,
পড়বে ঝরে গাছের পাতা
শীতমাখা এই প্রেমের টানে।

গাঁথা হবে শব্দ কোলাজ
শুকনো পাতায় পায়ের চাপে,
উঠবে কেঁপে ভোরের শিশির
প্রথম রবির উষ্ণ তাপে।

দূর হতে দূর দেশান্তরে
পাখির দল যে আসবে উড়ে,
রঙিন ডানায় খুশির স্রোতে
মুক্ত বাউল গাইবে সুরে।

স্বপ্নহারা গাছের ডালে
সবুজ যখন পড়বে ঝরে,
হেরে যাওয়া পথের শেষে
জাগবে স্বপ্ন নতুন করে।

থাকবো আমি তোমার সাথে
লক্ষ স্মৃতির সঙ্গী হয়ে,
প্রতিবছর আসবো ফিরে
শীতল হিমের পরশ লয়ে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *