নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:-মঙ্গলবার উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপুরে ইউকো ব্যাংকের ৮৪তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। দুর্গাপুর বিজোন শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে ইউকো ব্যাংকের ৮৪তম বার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান ইউকো ব্যাংকের ডিজিএম ও জোনাল হেড বিনোদ কুমার। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কাটায় অংশ নেন তিনি, সঙ্গে ছিলেন অনুষ্ঠানে উপস্থিত কচিকাঁচারাও।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজোন শাখার প্রধান নিশা রানী চৌধুরী গ্রাহকদের স্বার্থরক্ষায় ইউকো ব্যাংকের দীর্ঘদিনের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইউকো ব্যাংক সর্বদা গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত ও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিষ্পত্তি করা হয়। পাশাপাশি তিনি ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন প্রকল্প ও আর্থিক উদ্যোগ সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন এবং উপলব্ধ পরিষেবাগুলির সর্বোত্তম ব্যবহার করার আহ্বান জানান।
সভায় উপস্থিত গ্রাহক রাজু দে ইউকো ব্যাংকের গ্রাহক পরিষেবার ভূয়সী প্রশংসা করেন।
জোনাল হেড বিনোদ কুমার তাঁর বক্তব্যে বলেন, জিডি বিড়লার নেতৃত্বে ৮৪ বছর আগে যাত্রা শুরু করা এই ব্যাংক আজ গ্রাহক পরিষেবার মাধ্যমে দেশের সর্বত্র নিজের উপস্থিতি গড়ে তুলেছে। বর্তমানে সারা দেশে ইউকো ব্যাংকের প্রায় ৩,৩০০টি শাখা রয়েছে, যা ব্যাংকের ক্রমবর্ধমান বিস্তারের প্রতিফলন। তিনি আরও বলেন, গ্রাহক পরিষেবার মান উন্নত করাই ইউকো ব্যাংকের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন গ্রাহক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ৮৪তম প্রতিষ্ঠা দিবসের এই উদযাপনের মাধ্যমে ইউকো ব্যাংক বিজোন শাখার প্রতি গ্রাহকদের আস্থা, সেবা ও নিষ্ঠার দীর্ঘ ঐতিহ্য আরও একবার প্রতিফলিত হলো।