পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

সঙ্গীতা কর, বাগনান, হাওড়া -: একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দিবস উপলক্ষ্যে বাগনান ষ্টেশন রোডে একটি পদযাত্রার আয়োজন করা হয়। হাওড়ার শতবর্ষ প্রাচীন বাগনান প্রাইমারী স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় পরিবেশ প্রেমীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। হাওড়া জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানস কুমার বসু, বিশিষ্ট পরিবেশ প্রেমী নয়ন হালদার, প্রধান শিক্ষিকা জহুরা খাতুন, বিশিষ্ট শিক্ষাবিদ রঞ্জিত দাস, বিশিষ্ট চিকিৎসক মধুসূদন বাগ, চিত্রশিল্পী সৈকত খাঁড়া, পঞ্চায়েত সদস্য নবাব মল্লিক, সাহিত্যিক হেমন্ত রায় প্রমুখের উপস্থিতিতে মানববন্ধন করা হয় এবং পরিবেশ রক্ষা করার স্বার্থে প্লাস্টিক বর্জন করার জন্য শপথ নেওয়া হয়। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানস কুমার বসু, নয়ন হালদার ও মাহফুজ রহমান মিদ্যা। তারা প্রত্যেকেই পরিবেশ দূষণের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন করেন এবং পরিবেশ রক্ষার স্বার্থে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেন। পাশাপাশি প্লাস্টিক ও প্লাস্টিকজাতীয় দ্রব্য বর্জন করার জন্য আহ্বান জানান। অন্যদিকে সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু সবার হাতে একটি করে চারাগাছ তুলে দেন এবং পরিবেশ রক্ষার স্বার্থে সেগুলি বপন ও যত্ন নেওয়ার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলার বিশিষ্ট মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জী, পরিবেশপ্রেমী কেয়া চক্রবর্তী, পৌলভী মিশ্র ও বাবলু চ্যাটার্জী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *