রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
গ্রীষ্ম পড়তে না পড়তেই এলাকায় শুরু হয়ে গেছে পানীয় জলের সমস্যা। রবিবার প্রচারে নেমে আসানসোলের ফতেপুর এলাকায় পানীয় জলের তীব্র সমস্যার চিত্র সামনে আনার পাশাপাশি অভিনব ভঙ্গিতে প্রতিবাদ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রচারের মাঝেই তিনি দেখেন, একটি কল থেকে অতি সামান্য জল পড়ছে এবং সেই জল মগে করে সংগ্রহ করছেন এলাকার বাসিন্দারা।
দৃশ্যটি দেখেই ক্ষোভে ফেটে পড়েন তিনি এবং অভিযোগ করেন, “নরেন্দ্র মোদি সরকারের ‘জল জীবন মিশন’ প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ করা হলেও রাজ্যে তার কোনও বাস্তব প্রতিফলন নেই।” একইসঙ্গে কলের সামনে ধূপ জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। তার দাবি, রাজ্যের মানুষ পানীয় জলের মত মৌলিক পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত। অথচ সরকার শুধু প্রচারেই ব্যস্ত।
এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে, ভোটের আগে যা নতুন করে চাপ বাড়াল শাসক-বিরোধী তর্জায়।

