প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাবার বিরুদ্ধে অবৈধ দখলের অভিযোগ, জমি খালির নোটিস

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাবার বিরুদ্ধে অবৈধ দখলের অভিযোগ, জমি খালির নোটিস

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       কয়লা কোম্পানির জমি বেআইনিভাবে দখল করে অফিস ও পেট্রোল পাম্প চালানোর অভিযোগে আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার বাবা রোহিত নুনিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল ইসিএল। 

       ​১১ জুন ২০২৬ তারিখে সোদপুর এরিয়ার ধেমোমেন গ্রুপ অফ মাইনসের পক্ষ থেকে জারি করা এক নোটিসে (ECL/AGENT/DMC/2026/201) জানানো হয়েছে, পশ্চিম বর্ধমান জেলার বারোধেমো মৌজার ১০২২ ও ১০২৩ নম্বর প্লটটি বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে। ইসিএলের দাবি, ডাঙা ও নালা জমির অন্তর্গত এই দুটি প্লটে ২০০৯ সাল থেকে একটি অফিস ও পেট্রোল পাম্প পরিচালিত হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি।

      ​নোটিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, উক্ত জমি ইসিএলের বৈধ মালিকানাধীন। তাই আগামী ৭ দিনের মধ্যে সমস্ত অননুমোদিত নির্মাণ ও সামগ্রী সরিয়ে জমি খালি করে শান্তিপূর্ণভাবে তা সংস্থার হাতে তুলে দিতে হবে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী উচ্ছেদ প্রক্রিয়া শুরু করা হবে।

     এই নোটিসের অনুলিপি আসানসোল দক্ষিণ থানার ওসি এবং সোদপুর এরিয়ার উচ্চপদস্থ আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের পরিবারের বিরুদ্ধে ইসিএলের এই কড়া পদক্ষেপের পর শিল্পাঞ্চলের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *