শোভনা মিশ্র (পুণে, মহারাষ্ট্র)

বয়স বাড়ছে…..
কানের কাছে একগোছা পাকা চুল বলছে
তোর বয়স এবার বাড়ছে।
সূচের সুতো বলে অযথা ঢেলাঢেলি
তোর বয়স এবার বাড়ছে।
যে চিঠিটা পেতে দশ দিন অপেক্ষায় থাকতাম
আজ পাঁচমিনিটও ভারী পড়ছে।
ধৈর্য্য বলছে মেনে নে,মেনে নে
তোর বয়স এবার বাড়ছে।
চলতে গেলে হাঁটুরা বলে
একটু ধীরে,একটু দেখে
তোর বয়স এবার বাড়ছে।
সিঁড়ি বলে এক দু পা উঠছিস ওঠ
নামার সময় খেয়াল রাখ
তোর বয়স এবার বাড়ছে।
সাগর তীরে ভাঙ্গা গলায় যতই গান গাস
দূরের তরঙ্গ বলে ঢেউ গুনতে হলে
চশমাটা আঁটসাঁট করে পর।
এ বয়সে এটাই স্বাভাবিক
মান আর না মান
তোর বয়স এবার বাড়ছে।
ঘুমের ওষুধ,বাতের ওষুধ
বলতে থাকে ভুললে চলবে না
তোর মতই অনেক বন্ধু আছে রাস্তায়।
ভুলে যাওয়া স্বভাব বলছে লিখে রাখ
তোর বয়স এবার বাড়ছে।
সময় বলে হিসেব করে খরচ কর
পারলে একটু বাঁচিয়ে চল
তোর বয়স এবার বাড়ছে।
মন বলছে ছাড় তো ওসব
সবুজ রাখ অবুঝ রাখ তোর এই মন।
কিশোরীর মতো এই পৌষের সকালে
ঘুরে আয় শিশির ছোঁয়া সর্ষে ফুলের মাঠ।
দাঁড়িয়ে শোন আম বকুলে মৌমাছির গান
দেখ প্রজাপতির রঙ আর ফড়িং ছানার নাচ।
চাঁদের সাথে কথা বলবি চুপিচুপি
নিশ্চুপে তার মায়াবী রূপে মোহিত হবি।
দেখবি বয়স তখন উল্টো পথে
তোকেই নিয়ে হাঁটছে সিধে।
গলির মোড়ে চিনি চায়ের সাথে
চপও তখন সাজছে প্লেটে।
রোজ বিকেলে নিয়ম করে
আড্ডা মারিস দূরের মাঠে ।
সময় বলে ভাবছিস কী
এই বয়সটা এমন জানিস
অভিজ্ঞতার হিসাব বেশি
সুখেও আছে,দুখেও আছে।
আর যা কিছু তোর বাঁচা স্বপ্ন আছে
এটাই সময় পুরা করে নে
দেখবি বয়সটা তখন থেমেই যাবে।