অনন্ত রুইদাস, পাণ্ডবেশ্বর:-
আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে যখন রাজনৈতিক প্রচার তুঙ্গে, ঠিক সেই সময় এক ব্যতিক্রমী ছবি দেখা গেল দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া অঞ্চলে। প্রচারের ব্যস্ততা সরিয়ে রেখে ফুটবল মাঠে নেমে স্থানীয় যুবকদের সঙ্গে খেলায় মেতে উঠলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী।
নীল-সাদা জার্সি পরে, হাতে দলীয় পতাকা নয়—পায়ে ফুটবল নিয়েই মাঠে নামেন তিনি। প্রখর রোদ উপেক্ষা করে এলাকার যুবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে দেখা যায় তাঁকে। খেলায় তাঁর পারফরম্যান্সও নজর কাড়ে উপস্থিত দর্শকদের। এমনকি একটি গোলও করেন তিনি, যা ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে।
তবে এই উপস্থিতি শুধুই খেলায় সীমাবদ্ধ থাকেনি। খেলা শেষে মাঠেই উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে “খেলা হবে” ও “জয় বাংলা” স্লোগান তোলেন তিনি। পাশাপাশি তরুণ প্রজন্মের সঙ্গে আরও নিবিড়ভাবে সংযোগ গড়ার বার্তা দেন।
রাজনৈতিক প্রচারের একঘেয়েমির মাঝে এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিরোধীরা যখন প্রচারে ব্যস্ত, তখন খেলাধুলার মাধ্যমে জনসংযোগের এই কৌশলকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।
দিনের শেষে খোশ মেজাজে প্রার্থী বলেন, “টেনশন লেনা নেহি, টেনশন দেনা হ্যায়।”
রাজনীতি হোক বা খেলার মাঠ—নিজেকে একাধিক ভূমিকায় তুলে ধরে নরেন্দ্রনাথ চক্রবর্তী যেন বোঝাতে চাইলেন, তিনি একেবারেই ‘অলরাউন্ডার’। এখন দেখার, মাঠের এই জনপ্রিয়তা ভোটের ফলাফলে কতটা প্রতিফলিত হয়।




