শহুরে বাসা

রাকা ভট্টাচার্য্য (কলকাতা)

এটা কোনো সিরাজের শিসমহল নয়
নয় শাহাজাহান এর তাজমহল
এটা সকাল বেলার ফুল কুড়ানো মেয়ের
এক ভরা বুক নদী
কিম্বা ভাবতে পারো পদ্ম দীঘির
ঘুম জলেতে একটা ফোটা পদ্মকুঁড়ি।

হারতে হারতে যখন হারিয়ে যায়
আমার সবুজ ঘেরা অবুঝ গাঁ
দূরে দূরে গড়ে ওঠে
আলোঘেরা উঁচু মাথা মহল
ওই মহলের সব শেষের ঠিক নীচের তলায়
আমরা বাঁধব ঘর।

আমরা ঘর বাঁধব আকাশ ছুঁয়ে
খোলা জানালার পাশেই বিছানা
অনেক উঁচুতে শুয়ে শুয়ে
আমরা দক্ষিণের হাওয়া গায়ে মেখে নেব,
পিঠের উপর বুক রেখে দূর থেকে
দেখব ঘিরে থাকা সবুজ লতা
দোল দোল কচি কলা পাতা, আর যত
বিগত সবুজ, আর দূরের নক্ষত্রের ক্ষীণ হওয়া
আলো দেখতে দেখতে আমরা
শীতল হয়ে ঘুমিয়ে পড়ব একেবারে।

আমরা ঘর বাঁধব
আধা শহরের সব থেকে উঁচুতলা বাড়িটার
শেষতলা ছুঁয়ে ঠিক নীচ তলাটায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *