১২ ঘণ্টার মধ্যে অপহৃত যুবক উদ্ধার: তৎপর কুলটি পুলিশ

১২ ঘণ্টার মধ্যে অপহৃত যুবক উদ্ধার: তৎপর কুলটি পুলিশ

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -:

        ​নিখোঁজের ১২ ঘণ্টার মধ্যেই বরাকরের ২৩ বছর বয়সী যুবক জয়দেব সিংকে অক্ষত অবস্থায় উদ্ধার করল কুলটি পুলিশ। গত রাতে নিখোঁজ হওয়ার পর ভোরবেলা মুক্তিপণ দাবির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে ঝাড়খণ্ডের চিরকুন্ডা এলাকা থেকে জয়দেবকে উদ্ধার করে পুলিশ।

       ​জানা যায়, গত রাতে নিখোঁজ হওয়ার পর ভোর তিনটে নাগাদ জয়দেব বাড়িতে ফোন করে জানায়, অজ্ঞাতপরিচয় কেউ তার কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে। ফোনটি কেটে যাওয়ার পর আতঙ্কিত পরিবার কুলটি থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ জয়দেবের মোবাইল ফোনের অবস্থান ট্র্যাক করে ঝাড়খণ্ডের লয়োলা স্কুল সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে তাকে নেশাগ্রস্ত অবস্থায় উদ্ধার করে।

        ​এসিপি জাভেদ হোসেন ও কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অশোক সিনহার নেতৃত্বে এই সফল উদ্ধার অভিযানে বরাকর ফাঁড়ির পুলিশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

      বর্তমানে জয়দেবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে মোবাইল কল রেকর্ড ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে জয়দেবের বয়ান গোপন রাখা হয়েছে। 

      পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরলেও ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার। একইসঙ্গে, মুক্তিপণের ফোন এলে আতঙ্কিত না হয়ে তৎক্ষণাৎ থানায় জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *