নির্বাচন মিটতেই চোর আতঙ্কে কাঁপছে রূপনারায়ণপুর

নির্বাচন মিটতেই চোর আতঙ্কে কাঁপছে রূপনারায়ণপুর

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই শিল্পাঞ্চলে ফের মাথাচাড়া দিয়েছে চোর আতঙ্ক। রূপনারায়ণপুর বাজারের পূর্ব রাঙামাটিয়ার সামডি রোডে একটি ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যস্ত রাস্তার ধারে অবস্থিত ঊর্মিলা পালের এই বাড়িতে দিনের আলোতেই দুষ্কৃতীরা হানা দেয় বলে অভিযোগ।

     ​স্থানীয় সূত্রে খবর, বাড়ির মূল দরজার পাল্লা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ও লকার ভেঙে যাবতীয় জিনিসপত্র তছনছ করে দুষ্কৃতীরা। বাড়ির মালিক বাইরে থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা। উল্লেখ্য, গত বছর দুর্গাপুজোর আগে এই এলাকাতেই ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটেছিল, যা রুখতে পুলিশকে বিশেষ ব্যবস্থা নিতে হয়েছিল।

     ​বর্তমানে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এবং নিয়মিত পুলিশি টহলদারি থাকা সত্ত্বেও এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, নিরাপত্তার কড়াকড়ি সত্ত্বেও অপরাধীরা কীভাবে এত বড় দুঃসাহসিক কাজ করল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রাত নামলেই নতুন করে সেই পুরনো আতঙ্কে ঘুম উড়েছে শিল্পাঞ্চলবাসীর। ঘটনার তদন্ত শুরু করেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *