বছর কুড়ি পর

বানী পাল (কলকাতা)

যার জন্য করলাম চুরি
সেই বলছে চোর,
আমি বলি আমি তোমার
সে বলে আমি তোর।

আমি বলি ডাইনে যেতে
সে যায় ঠিক বাঁয়ে,
যতই করি, নুনের ছিটে
দেবেই কাটা ঘায়ে।

আমি বলি তোমায় পেয়ে
জীবন ঝালাপালা,
সে বলে তোমার জন্যই
কানে দিয়েছি তালা।

আমি বলি দু চার কথা
ঠিক সে তখন চুপ,
রাগের মাথায় দেখি তার
হাজার খানা রূপ।

আমিও কিছুতে কম যাই না
স্বাধীনচেতা নারী,
বুঝিয়ে দিই আওয়াজ তুলতে
আমিও খুব পারি।

কেউ কাউকে দেখলেই এখন
তেলে বেগুনে জ্বলি,
রাত পোহানোর সবুর করি,
কে প্রথম কথা বলি।

আমায় ছাড়া চলে না তার ,তবু
সইতে পারে না মোটে,
বড় ধন্যি আমার কপালখানা
বলো কার ভাগ্যে জোটে।

ঝগড়াঝাঁটির কুড়িটা বছর
এমনিই হলো পার
শত ঝগড়ায় বাঁধন আমার
এর নাম সংসার…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *