সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -:
পরিবেশ রক্ষা ও মাটির স্বাস্থ্য ফেরাতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব ও প্রাকৃতিক চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে রাজ্য সরকারের উদ্যোগে ইলামবাজার ও কাঁকসায় আয়োজিত হলো বিশেষ কৃষি কর্মশালা।
ইলামবাজারের ‘বলাকা অনুষ্ঠান ভবনে’ জেলা-স্তরের প্রাকৃতিক কৃষি কর্মশালায় কৃষি, উদ্যান পালন ও পশুপালন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বোলপুর মহকুমা শাসক ড: অনিমেষ কান্তি মান্না, অধ্যাপক ভোলানাথ মন্ডল সহ একাধিক বিশিষ্টজন কৃষকদের সামনে প্রাকৃতিক পদ্ধতিতে কীটনাশক ও সার তৈরির নিয়মাবলী তুলে ধরেন। বক্তারা জানান, অতিরিক্ত রাসায়নিক ব্যবহারে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং মানবদেহে মারণ রোগ বাসা বাঁধছে। পশুপালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের ওপরও এদিন বিশেষ জোর দেওয়া হয়।
অন্যদিকে, কাঁকসার উৎসব হলে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। কৃষি বিশেষজ্ঞ সৌরভ মন্ডল জানান, জমিতে নাড়া পোড়ানোর ফলে মাটির উপকারী ব্যাকটেরিয়া ও কেঁচো ধ্বংস হয়ে জমির উর্বরতা হ্রাস পায়। নাড়া না পুড়িয়ে জৈব সার ব্যবহারের সুফল সম্পর্কে চাষিদের সচেতন করা হয়।
বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, কৃষকদের সচেতন করে ধাপে ধাপে রাসায়নিকমুক্ত চাষের দিকে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। পাশাপাশি, কেন্দ্রীয় কৃষক সম্মাননিধি প্রকল্পের সুবিধা যাতে সব কৃষক পান, তার জন্য আলাদা শিবিরের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দুই ব্লকের কৃষকরাই।

