রমেশ রায়, গঙ্গাসাগর:- রাজ্যের নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হলো ‘অন্নপূর্ণা যোজনা’। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হওয়ার পর, বুধবার সাগর ব্লক অফিসেও আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। এদিন সাগর ব্লকের প্রশাসনিক আধিকারিকরা প্রকল্পের প্রথম পর্যায়ের উপভোক্তা হিসেবে পাঁচ জন মহিলার হাতে সরকারি অনুমোদনের লেটার তুলে দেন।
এই ৩০০০ টাকা পাওয়ার খবর নিশ্চিত হতেই ব্লক অফিস চত্বরে সাধারণ মহিলাদের ভিড় উপচে পড়ে। দীর্ঘ প্রতীক্ষিত এই আর্থিক সহায়তার ঘোষণা আসতেই উপস্থিত মহিলারা বাঁধনহারা আনন্দে মেতে ওঠেন। টাকা পাওয়ার খুশিতে তাঁরা একে অপরকে আবির মাখিয়ে উৎসবে শামিল হন।
উপভোক্তাদের কথায়, এই বাড়তি আর্থিক অনুদান তাঁদের সংসার চালানো ও দৈনন্দিন প্রয়োজনে অত্যন্ত বড় সহায় হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব দ্রুতই রাজ্যের সমস্ত যোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আনুষ্ঠানিক সূচনা এবং স্থানীয়ভাবে লেটার বিতরণের এই অনুষ্ঠানে ব্লক প্রশাসনের আধিকারিক ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে, এই নতুন প্রকল্প ঘিরে সাগর ব্লকের মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেল।



