রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
গরীব মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রিপল নিজের বাড়িতে মজুত করে রাখার অভিযোগে আসানসোল পৌরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে খবর, অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য আসা ত্রিপলের একটি বড় অংশ কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ত্রিপল আত্মসাতের পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ বালি কারবার, তোলাবাজি এবং সরকারি আবাসনের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা আদায়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই অভিযোগগুলোর সত্যতা খতিয়ে দেখা হবে। প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ প্রশাসন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গোটা পরিস্থিতির ওপর এখন রাজনৈতিক মহল ও প্রশাসনের কড়া নজর রয়েছে।

