আসানসোলে দিনের আলোয় কয়লা পাচার, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

আসানসোলে দিনের আলোয় কয়লা পাচার, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার:

     রাজ্যের শাসনব্যবস্থায় রদবদল হলেও কয়লা পাচারের চেনা ছবি যে বদলায়নি, তার প্রমাণ মিলল ফের। এবার আসানসোলের কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের বামনা মোড় এলাকায় দিনের আলোতেই সিলিকেট ফ্যাক্টরির ভেতরে সাইকেল ও মোটরবাইকে করে অবৈধ কয়লা পাচারের চাঞ্চল্যকর দৃশ্য প্রকাশ্যে এসেছে।

      ​সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে (ভিডিওর সত্যতা ফাইনাল এক্সপোজার যাচাই করেনি) দেখা যাচ্ছে, কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ি এলাকার বামনা মোড় সংলগ্ন একটি সিলিকেট ফ্যাক্টরির ভেতর দেদার কয়লা ঢোকানো হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শিল্পাঞ্চলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দিনের বেলায় কীভাবে এই বেআইনি কারবার চলছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

       ​এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা এবং পুলিশের মদতেই এই কয়লা পাচারের ব্যবসা চলছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও স্থানীয় স্তরে এই ধরনের কাজে ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগের আঙুল উঠেছে ওই সিলিকেট ফ্যাক্টরির মালিক শৈলেন দাসের দিকে।

      এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং কুলটি থানা এই সিলিকেট ফ্যাক্টরি ও অবৈধ কয়লা চক্রের বিরুদ্ধে ঠিক কী ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *