রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বাংলার মানুষ। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। শনিবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যপাল তাকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।
নির্বাচনী বৈতরণী পার করে ভারতীয় জনতা পার্টির এই জয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী জানান, তার সরকারের প্রধান লক্ষ্য হবে রাজ্যের শিল্পায়ন, কর্মসংস্থান এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করা। বিশেষ করে গ্রামীণ বাংলার উন্নয়ন ও কৃষকদের কল্যাণে তার সরকার দায়বদ্ধ থাকবে বলে তিনি আশ্বাস দেন।
মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষিত হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। কলকাতা থেকে জেলা— সর্বত্রই গেরুয়া আবির ও মিষ্টিমুখের মাধ্যমে বিজয় উৎসব পালন করা হয়। দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর শুভেন্দু অধিকারীর এই উত্তরণ বাংলার রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল। সাধারণ মানুষের প্রত্যাশা, এই নতুন নেতৃত্ব রাজ্যের সার্বিক শ্রী বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।



