ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে করপোরেশন মোড়ে অবস্থান বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শন সহ নানান কর্মসূচি পালন করে চলেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।সবার একটাই দাবি  ‘উই ওয়াণ্ট জাস্টিস’। সোমবার অপরাধীর শাস্তির দাবিতে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি যুব মোর্চার নেতৃত্বে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে ট্যায়ার জ্বালিয়ে আসানসোলের কর্পোরেশন মোড়ে প্রায় ৪০ মিনিট ধরে পথ অবরোধ করা হয়। পথ অবরোধের কারণে যানচলাচল ব্যহত হয়। অবরুদ্ধ হয়ে পড়ে জিটিরোড।পথ অবরোধ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু বিধায়ক অগ্নিমিত্রা পালের সাথে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পুলিশ রাস্তা অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে পুলিশ অফিসারের সাথে অগ্নিমিত্রা পালের কথা কাটাকাটি হয়।প্রায় ৪০ মিনিট পথ অবরোধ চলার পর তারা নিজেরা পথ অবরোধ তুলে নেয়।

অগ্নিমিত্রা পল বলেন আরজি করের ঘটনা এতটাই নৃশংস যে, তার যা নিন্দা করা হোক না কেন, তা কম। এই ঘটনাটি দেখিয়েছে যে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ব্যর্থ। তাই গোটা ঘটনার দায় নিয়ে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। বিধায়ক বলেন, পুলিশ প্রশাসন প্রথম থেকেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছে।মহিলা চিকিৎসকের মৃতদেহ প্রথমে তার বাবা-মাকে দেখতে দেওয়া হয়নি। তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়। প্রথমে তাদেরকে বলা যায়, তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এমনকি মহিলা চিকিৎসকের মৃতদেহ লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে শ্মশানে। সেখানে আরো তিনটি মৃতদেহ পোড়ানোর জন্য আগে থেকে ছিলো। তা সত্বেও মহিলা চিকিৎসকের মৃতদেহ পুলিশ প্রশাসনের তরফে শ্মশানের কর্মীদের সেটি সৎকার করতে বলা হয়। সব মিলিয়ে কি এমন তাড়া ছিল, এর জবাব দিতে হবে পুলিশ প্রশাসনকে।মহিলা চিকিৎসকের মা বাবাএতই হতভাগ্য যে তারা তাদের মেয়ের সাথে এমন ঘটনার পর নিজেদের মতো করে মেয়ের শেষকৃত্য করার সুযোগটাও পায়নি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *