অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
রবিবার দুর্গাপুরের চিলড্রেন একাডেমী সভাগৃহে আয়োজিত হলো ‘নাইটেঙ্গেল মিউজিক্যাল গ্রুপ’-এর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির এক মনোমুগ্ধকর মেলবন্ধনে গোটা সন্ধ্যাটি হয়ে উঠেছিল প্রাণবন্ত।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথি ও শিল্পীদের স্বাগত জানান সংস্থার কর্ণধার শ্রী সমীর কর্মকার। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথি অশোক বন্ধু চক্রবর্তী, অন্তরা সিংহরায়, পায়েল কড়াত, সোমা মুখার্জী এবং সঞ্চিতা মিশ্র। সংগঠনের পক্ষ থেকে এদিন বিশেষ সম্মাননা প্রদান করা হয় সাংবাদিক নারায়ণ মজুমদার, শিল্পী পায়েল কড়াত ও কবি অন্তরা সিংহরায়কে।
মিতালী সরকার, বর্ণালী দাস এবং অন্যান্য শিল্পীদের সমবেত কণ্ঠে “মঙ্গল দীপ জ্বেলে” উদ্বোধনী সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানের আবহকে এক আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে যায়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একাডেমির খুদে শিল্পীদের পরিবেশনা। গীতাঞ্জলি কর্মকার সহ সকল শিশু শিল্পীর সঙ্গীত ও নাচের পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে এবং সকলের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানের সমাপ্তি পর্বে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীকে নাইটেঙ্গেল মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে সম্মাননা পত্র প্রদান করা হয়। সুশৃঙ্খল পরিচালনা এবং শিল্পীদের অনবদ্য পরিবেশনায় এদিনের এই সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত দর্শকদের কাছে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।


