অনন্যা

নিরঞ্জন মণ্ডল (পূর্ব বর্ধমান)

উচ্ছ্বল টলমল জলরাশি তলে তুমি বেগবতী-
সমুজ্জ্বল পূর্ণশশী, চূর্ণ কর আপনারে
অসীমের শান্ত কূলে কূলে।
কুঞ্চিত কুন্তল তব ভাসে নভোতলে
মাখো আলো কালোজলে তনুমন খুলে
নিভৃত ধরাতলে। তব রূপ যায় উথলিয়া
মোর অনিত্য আধারে, মিথ্যা কায়া শূণ্য হিয়া
ভেসে যায় তব অম্বরঘন গম্ভীরে।
কালের করাল প্রবাহ কিনারে শোনিতের রেখা
দেখা যায় দূরে; ধীর সমাহিত কণ্ঠ তোমার
ডাকে মোর আপনারে।
আত্মা আমার কাঁদে নির্জনে নীরবে
তোমাতে বিলীন হতে, মন শিখী মোর
ভরে দেয় হৃদে ব্যথা ভরা সঙ্গীতে।

মননে গহন কানন ব্যাপিয়া কাঁটাভরা
পথ চরণে মথিয়া অক্ষত আমি
তব প্রীতিদ্বারে, হীরে জহরতে ভরা প্রান্তর
তপ্ত ধরায় ভেঙ্গে যায় বারে বারে,
বিক্ষত আমি উষ্ণ শোনিতে ভাসমান শিলাপরে।
‘বিশ্ব বিপুল সম্ভারে বসি অনন্যা তুমি
আবেগের রাশি—-
করি বন্দনা অশ্রুধারায়,
জানি গো মুছায়ে দিবে নিজহাতে;
আঁচল তোমার ভিজে যাবে সেথা
উষ্ণ বাতাসে ভাসি—
দিগ দিগন্ত ভরে যাবে সুরে
সুধা ভরা গানে মিশি।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )