কৌশিক মুখার্জী: চিত্তরঞ্জন:-
চিত্তরঞ্জনে দিনের আলোয় ফের দুষ্কৃতীদের তাণ্ডব। এবার এক রেল কর্মীর নিজ বাড়ির উঠোনে ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, গত ৩ এপ্রিল এক রেল কর্মীর স্ত্রীর রক্তাক্ত দেহ তাঁর বাসভবনেই উদ্ধার হয়। সেই রহস্য এখনও অমীমাংসিত, অপরাধী পুলিশের জালে ধরা পড়েনি। এর মধ্যে বুধবার দুপুরে রাস্তা নম্বর ৪২এ-র কোয়ার্টার ১০এ-তে বসবাসকারী ৫৮ বছরের শ্রীকান্ত তিওয়ারির উপর অজ্ঞাত হামলা কারীরা ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে।স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীকান্তের পরিবার গ্রামের বাড়ি গিয়েছে, তিনি বাড়িতে একাই ছিলেন। এই সুযোগে দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালিয়ে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়। শ্রীকান্তের ছেলে বারবার ফোন করে সাড়া না পেয়ে প্রতিবেশীকে জানায়। এক প্রতিবেশী যুবক বাড়ির কাছে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে উঠোনে সিঁড়ি দিয়ে উঁকি দেন। সেখানে শ্রীকান্তকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত কেজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে আইসিইউ-তে ভর্তি করেছেন।বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।ঘটনার খবর পেয়ে চিত্তরঞ্জন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।এলাকার সিসিটিভি পরীক্ষা করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
শ্রীকান্ত তেওয়ারীর প্রতিবেশী জানান, তাঁর উঠোনে একটি কাঁঠাল গাছ রয়েছে। ঘটনার সময় কয়েকজন যুবক গাছ থেকে কাঁঠাল পাড় ছিলো। শ্রীকান্ত বাবু প্রতিবাদ করতে গেলে তাঁর উপর হামলা হয়। যেখানে তিনি অচেতন পড়েছিলেন,সেখানে বেশ কয়েকটি কাঁঠাল পড়ে থাকতে দেখা যায়।