বেকার তরুণীদের জন্য আসানসোলে শুরু হলো বিনামূল্যে পাঠাগার ও প্রশিক্ষণ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

        যেকোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় সাফল্যের জন্য প্রয়োজন একাধিক পুস্তক, কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ ও সঠিক গাইড। এগুলির অভাবে প্রচুর সম্ভাবনা ও প্রতিভা থাকা সত্ত্বেও অনেকেই অকালে হারিয়ে যায়। আর্থিক ও অন্যান্য কারণে অনেক সময় শিক্ষিতা তরুণীরা পেছিয়ে পড়ে। বার্ণপুরের বিভিন্ন এলাকার শিক্ষিতা তরুণীদের সমস্যার সমাধানে এগিয়ে আসেন কমলেন্দু মিশ্র নামে জনৈক ব্যক্তি। তার উদ্যোগে বার্ণপুরে চালু হয় ‘শান্তা এডুকেশন লাইব্রেরি’। এখানে ভর্তি থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি এলাকার তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

        বার্ণপুরের সফল হওয়ার পর ‘বার্ণপুর শান্তা এডুকেশনাল ফাউন্ডেশন’ ও নবনীত ক্লাবের যৌথ উদ্যোগে ২৭ শে এপ্রিল এলাকার শিক্ষিত বেকার তরুণীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য আসানসোলের জে. কে. নগরে  প্রতিষ্ঠিত হলো ‘শান্তা’ নামে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠাগার। ‘শান্তা’-কে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকার তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

       পাঠাগারে রেল, ব্যাংক সহ বিভিন্ন সরকারি  প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার জন্য প্রয়োজনীয় যাবতীয় বই, ম্যাগাজিন ও সংবাদপত্র হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায় থাকবে। প্রশিক্ষণ দেওয়ার জন্য থাকছেন একগুচ্ছ অভিজ্ঞ শিক্ষক ও প্রশিক্ষক। এরাই ছাত্রীদের চাকরির পরীক্ষার জন্য সঠিক দিশা দেখাবেন। উদ্যোক্তাদের আশা প্রতিষ্ঠানটি বার্ণপুরের মত এখানেও তরুণীদের চাহিদা পূরণ করবে।

        প্রসঙ্গত ‘শান্তা’ শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশিক্ষণ দেওয়ার জন্য নিছক একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি নারী ক্ষমতায়নের একটি মাইলফলক, সমাজ পরিবর্তনের এক সাহসী পদক্ষেপ। এটি প্রমাণ করে একমাত্র  শিক্ষিত নারীই পারে নিজের ও সমাজের ভবিষ্যৎ গড়তে।

       ‘শান্তা’-র প্রতিষ্ঠাতা সম্পাদক কমলেন্দু মিশ্র বললেন, মেধা থাকা সত্ত্বেও আর্থিক কারণে এলাকার তরুণীরা পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে  বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রত্যাশিত সাফল্যলাভ করতে পারছেনা। আমার  আশা প্রতিষ্ঠানটি থেকে তরুণীরা উপকৃত হবেন। সেক্ষেত্রে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল বলে আমি ধরে নেব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *