বিনি সুতোর মালা

সঙ্গীতা কর (কলকাতা)

এখনও কি মেঘ করলে জানালার কাছে ছুটে যাও

যাই তো, বৃষ্টি ভেজা হওয়ায় তোমার গায়ের গন্ধ পাই যে

রামধনুর রঙে কি খোঁজো আমার উপস্থিতি??

সব কথা কি মুখে বলে বোঝানো যায় গো

এই দেখো এই বয়সেও এতো লজ্জা ভাব তোমার যে মনে হয় নতুন করে আবার প্রেমে পড়ি

তুমি যে কি বলো না, এখনও সেই আগের মতোই রইলে?

আমি তো পারি না তোমার মতো করে বিরহ বোঝাতে

এমন বিচ্ছেদ আমিও চাইনি যা প্রতিদিন‌ যন্ত্রনা দেয়

তাই বুঝি যন্ত্রণা পাও আমার জন্য?

পাবো না, যন্ত্রণা কি আর একরকম, এখন প্রত্যেক মুহূর্তে মনে হয় তুমি ঠিক সময় মতো খাচ্ছো কিনা, চেকআপ করাচ্ছো কিনা? মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না এসব ভাবনা ভেবে

বাহ্ তাহলে আমি আজও তোমার রাত জাগানিয়া সহচর বলো

অত কাব্য বুঝি না আমি, শুধু বুঝি জীবনের ছোটো ছোটো হিসেব

বড়ো খোকা তোমার খেয়াল রাখছে তো ঠিকঠাক

ওই আর কি, ছোটো খোকা তোমার খেয়াল রাখে তো?

রাখে, ওই রাখার মধ্যেই বেঁচে থাকি একটা স্বপ্ন নিয়ে
তোমার সাথে দেখা হবে কথা হবে ভাবলে বুকে শিহরণ লাগে,

আচ্ছা দুজনের ঘরেই অনেক বেশি বেশি জায়গা তবুও আমাদের একসাথে রাখা গেল না কেন?

ইগো বুঝলে ইগো, আমি কিছু করলে আর একজন কিছু করবে না কেন এই চিন্তায়

ছোটো খোকার মেয়েটা যা খাবার নষ্ট করে তাতে অনায়াসে আর দুটো মানুষের পেট ভর্তি হতে পারে তবুও আলাদা করতে হলো আমাদের

সারাদিনে একবার অন্তত ফোন করতে খুব ইচ্ছে হয় কিন্তু পারি না লজ্জায় সংকোচে বড়ো বৌমা যদি কিছু ভাবে

আমিও তো, আজ কেউ বাড়িতে থাকবে না জেনেই তোমায় ফোন দিয়েছিলাম খুব দেখতে ইচ্ছে করছিলো জানো

এই সময়টুকু যদি কখনও না শেষ হতো বেশ হতো

দেখো, কেমন গোধূলি নেমে এসেছে, দিনের প্রবল তাপের পর স্নিগ্ধ গোধূলি জানান দেয় সবকিছুই পরিবর্তনশীল

হ্যাঁ ঠিকই বলেছো তুমি, তবে বয়সের ভারে পরিবর্তনের ধাক্কা সামলানো অসম্ভব হয়

এবার সন্ধ্যা এসে ঢেকে দেবে গোধূলিকে

রুপোলি চাঁদ কানে কানে বলবে আবার কাল এসো তুমি

আবার দেখা হবে আমাদের আবার কথা হবে

দূরে থেকে বুঝেছি আসলে ভালোবাসি তোমায় কতোটা

আমিও বুঝেছি বিচ্ছেদেই মিলনের তৃষ্ণা লুকিয়ে থাকে

অপেক্ষার বিনি সুতোয় মালা গেঁথে আবারও দেখা হবে আমাদের

ভালো থেকো প্রথম জীবনের প্রেম, মধ্যবয়সের দায়িত্ব আর শেষ বয়সের কাঙ্খিত অবলম্বন, ভালো থেকো তুমি

তুমিও……।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *