আমার কথা

রাকা ভট্টাচার্য্য (কলকাতা)

আমি আমার কথা বলি
আমার কথা কী তোমার ও কথা নয়? আমার কথা না বললে তোমার কথাও যে গোপন সংঘাতে একদিন
অকাল দগ্ধ ইচ্ছা হয়ে যাবে ।

মনে রেখো, একদিন আমার আমির মৃত্যু হতে
হতে তোমার তুমিতে দেশ কাল রাষ্ট্র পরিবর্তিত
হবে চক্রাকারে, ভালো করে ভাবো, আমি কি তুমি নয়?

এই সকল আমার আমিকেই অনিয়ম হতাশায় গাঁথি,
কাহিনীর হেরফেরেও কাঁটার মালা তো একটাই
হরেক রকম বিদীর্ণ ফুলের,রঙ গন্ধ গল্পটুকু আলাদা হলেও বাসি মালা আর ছেঁড়া পাপড়ির সদ্গতি যে
রাজকীয় পথের আড়াল আয়োজন, আমি তাই
আমার আওয়াজ আমি-ই তুলি।

আমার ঘরের ফ্রয়েডীয় তত্ত্ব সমাজের চৌকাঠে হোঁচট খেয়ে খানা ডোবা পেরিয়ে বিশ্বময় হয়, আমি হাত বাড়িয়ে কার্ল মার্কস কে খুঁজি, লেনিনকে নিওন আলোর ধ্যানে ডেকে আনি, ম্যাক্সিম গোর্কিকে তামান্নার মায়ের ছবি দেখাই, অভয়া নির্ভয়া সভয়ার লাশের মালা শহরের সদরে টানিয়ে রেখেছি যদি কোনো যীশু কী বুদ্ধ এসে হাসে!!
কেউ আসেনি, নীতিহীন মানুষের কঙ্কাল করতালিতে কেঁদে উঠেছে রাতের শহর, গ্রামের পুকুরে লাশভাসা জলে কচুরিপানার কাকতালীয় মিছিল।

আমি তবু আমার কথাই বলি,
ঘরের ছোট্ট ছোট্ট গল্পের মোড়কে রাষ্ট্রের বিভৎস চিত্র আঁকি চোখের কোটরে জমানো গরলে।

উঁহু, প্রেম নয়,
বিষ শুষে আগুন হতেই আমার বড় বেশী ভালো লাগে।
আকাঙ্ক্ষাদের মায়েদের বুকে জীবন্ত শিখা
অদূরেই সাজিয়ে দিক বিজয়ের রাণীর লেলিহান চিতা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *