শ্রাবণী বসু (হলদিয়া, পূর্ব মেদিনীপুর)

আসল কথা , বুঝলেন তো,
বিষয়টা – গণতন্ত্র!
রাজাও রাজা,
প্রজাও রাজা,
নানা মুনির নানান মত
বিভিন্নতায় মিলনমন্ত্র!
আসল কথা বুঝলেন তো,
বিষয়টা – গণতন্ত্র!
নির্বাচনের সময় যখন,
মন্ত্রীগণ জোড়হস্ত,
দ্বারে দ্বারে ঘোরাঘুরি
দিনরাত্তির বেজায় ব্যস্ত!
আসল কথা বুঝলেন তো
বিষয়টা – গণতন্ত্র!
জনগণই জয় জগন্নাথ
এপথ -সে-পথ,
ব্যর্থ শপথ,
ছুটছে ঘোড়া অশ্বমেধের
পিছন পিছন দলতন্ত্র!
আসল কথা বুঝলেন তো
বিষয়টা – গণতন্ত্র!
অনেকগুলো টিভির চ্যানেল
অনেকটা জল
খবর পাড়ায়,
হাইটেক মিটিং
গরম সোফা ,ঠান্ডা ঘর,
স্বপ্ন ধরার নানান মন্ত্র।
আসল কথা বুঝলেন তো,
বিষয়টা – গণতন্ত্র!
এক্কা-দোক্কা পুরানো খেলা,
লাফাও, ডিঙাও -দুরন্ত
চু-কিতকিৎ শ্লোগান ওড়ে
তারস্বরে- অক্লান্ত।
আসল কথা বুঝলেন তো
বিষয়টা – গণতন্ত্র!
দেড়শো কোটির একটা মাটি
হলদে,সবুজ,সাদা,কালোয়
কষ্ট কিংবা নষ্ট জীবন,
অসুখ কিংবা সুখের জীবন।
লক্ষ কোটি ছাদের নীচে
চাঁদ গলানো বাস্তুতন্ত্র।
আসল কথা বুঝলেন তো ,
বিষয়টা – গণতন্ত্র!
আসবে যাবে নিয়ম নীতি,
গাল ভরানো খিলি পানে।
মশলা- চুন ,দোক্তাপাতা
ঘিয়ে ভাজা সুপারি কুচো,
খাইয়ে খেয়ে দেশ হাঁটছে,
দেখছি তবু – দেখছিনা
শুনছি তবু- শুনছিনা,
বলার কোনো প্রশ্নই নেই….!
আসল কথা বুঝলেন তো-
বিষয়টা – গণতন্ত্র!