উদাসী প্রেমিক
কাকলি ভট্টাচার্য্য (কলকাতা)

তোমার আমার আঙুল ছুঁলো
ভালবাসার বর্ণমালায়,
হাজার মাইল স্মৃতির ধুলো
বাষ্প হলো এই অবেলায়।
প্রেমিক মন কাব্য করে
অর্ধশত অস্তরাগেও,
উজান গাঙে অপেক্ষাকে
আগলে রাখে তীব্র স্রোতেও।
পলাশ লালে আবির মাখা
বসন্ত আজও সমাপনে
আবার হাসনুহানার গন্ধে ভেজা,
বর্ষা আনে সংগোপনে।
দহন যখন চরম সীমায়
এই শহরের অন্তঃপুরে ,
খেয়ালি মন বৃষ্টি নামায়
উদাসী এক বাউল সুরে।
অনুভূতি এমন সেথায়
নীল কাজলের সূক্ষ্ম দাগে
জোৎস্না মেখে ফোঁটায় ফোঁটায়,
বেনিয়মের রাত্রি জাগে।
CATEGORIES কবিতা

