বিদায় বেলায়

মালবিকা পণ্ডা (ডিরোজিওনগর, পশ্চিম মেদিনীপুর)

মুখটা তোর শুকনো কেন
চোখে কেন জল,
কষ্ট চেপে রাখিস নে মা
সত্যি করে বল।

এসে ছিলাম বাপের বাড়ি
অনেক আশা নিয়ে,
সব জায়গা ভরে গেছে
আলোর মালা দিয়ে।

পূজোর নামে প্রতিযোগিতা
হারজিতের খেলা,
আমি এখানে মূল্যহীন
শুধুই অবহেলা!

সেজেগুজে আসছে সবাই
সেলফি তুলবে বলে,
হুড়োহুড়ি গুঁতোগুঁতি
দিচ্ছে ঠেলে ফেলে।

মণ্ডপের ছবি তুলছে
আমি সেথায় গৌণ,
এবার তুমি বুঝছো মা
কেন আমি মৌন!

পূজো নয় চলছে হেথায়
টাকার ছড়াছড়ি,
চুরির টাকায় চলছে এসব
করছে বাড়াবাড়ি।

বেলতলাতে গিয়ে আমার
ষষ্ঠীতে হয় বরণ,
পনের দিন আগেই আমার
মর্তে উদ্বোধন!

নেতা মন্ত্রীর মর্জিতে
সবকিছু হয় আজ,
এখানে তো নেই আর মা
আমার কোনো কাজ।

মর্তের দুর্গা বধ করবে
জ্যান্ত কিছু অসুর
বাতাসে বাজবে সেদিন
শারদীয়ার সুর।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )