ভালবাসার কথা
পুষ্পিতা চট্টোপাধ্যায় (কলকাতা)

মৃতদেহ থাকতে থাকতে যদি তুমি আসো
তবে তোমার মালা পরিয়ে দিও
আর নীরবে
চোখের জল ফেলতে ফেলতে বোলো
বোলো ভালবাসি, ভালবেসেছিলাম বোলো।
ওরা জানুক, তুমি আমায় ভালবেসেছিলে!
ভিড় ঠেলে এগিয়ে যেতে যেতে প্রেমিক বলে
বুকের উপর
হা হা হাহাকারে ঝাঁপিয়ে পড়ে বোলো
বোলো ভালবাসি, ভালবেসেছিলাম বোলো।
ওরাও জানুক, তুমি আমায় ভালবেসেছিলে!
মৃত্যুর মুখে জল আর চুমো দিয়ে
শেষবারের মত
মৃত্যুশয্যা ছুঁয়ে হরিবোল হরিবোল বোলো,
বোলো ভালবাসি, ভালবেসেছিলাম বোলো।
ওদের জানতে দাও,তুমি আমায় ভালবেসেছিলে!
প্রতিরাতের ঘুম নিংড়ে নিটোল প্রেমের মৃতদেহ
আগলে রেখে
শ্মশান- চণ্ডাল কে বোলো, খবরদার!
আগুনে পুড়বে না তোমার ভালবাসার প্রত্যক্ষ প্রমান!
ওদেরও জানাও,
কবিতাও কথা বলে কাগজে কলমে
ভালবাসি ভালবাসি, ভালবাসার কথা বলে।
CATEGORIES কবিতা

