সঞ্চিতা সিকদার (চাকদহ, নদীয়া)

পিঠের মধ্যে এখনো শক্ত হয়ে রয়েছে;
এখনো যে কঠিন, সোজা হয়ে দাঁড়াতে পারে।
স্বদর্পে বলতে পারে “আমি আছি”,
আমার এখনো মরচে ধরেনি, আমি ভঙ্গুর নই।
মাথা তুলে দাঁড়িয়ে এখনো বলতে পারে,
“উলঙ্গ রাজার সেই ছোট্ট ছেলেটির মতো-
ওরে রাজা, তোর কাপড় কোথায়?
তোর বসন-তো নেই পরনে!”
হয়তো বা কেউ উঠবে হেসে,কেউ বলবে ছিঃ! কেউবা মুখ লুকোবে হাতের আড়ালে৷
আমি কিন্তু তখনও মাথা উঁচু করে,
পিঠ সোজা রেখে বলতে পারি-
আমি সত্যের পথযাত্রী; আমি আছি, থাকবো৷
আগামী সূর্যের, নতুন ভোরের আলোতে।
অন্ধকারকে পিছনে ঠেলে,মিথ্যের বেড়াজাল কেটে, ছিঁড়ে ফেলে এগিয়ে, আরো এগিয়ে;
পিঠ সোজা করে, মাথা তুলে বলতে পারি,
“ওরে ধিক, মৃত্যুর পরেও সভা হবে৷”
তোর দেহ থাকবে প্রাণহীন হয়ে,
পিছনে ফেলে যাবি বাবা, মা, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব তারা জীবন্ত, হয় অনুতাপে,
নয় লজ্জায় মর্মাহত, শোক-তাপে দগ্ধ৷
মৃত্যুহীন অনন্ত পথে সত্য থাকবে চিরকাল,
সর্বদা তার সোজা হয়ে থাকা শিরদাঁড়ায়৷