মৌমিতা মৌ (কলকাতা)

মোহন বাঁশির সুরের জ্বালায় পাগলপারা মন,
উথলে ওঠা জোছনায় রাত ভাসে সারাক্ষণ।
জীবন তরীর নিত্য বওয়া,
কার জন্য তবে এত উতলা হওয়া?
আত্মা-পরমাত্মার রাসলীলায় মেতে,
ছেড়েই তো একদিন হবেই যেতে!
তবু কিসের এত আয়োজন?
চল তবে পথভোলা ভবঘুরের মতন।
কিসের ভাবনায় ব্যাকুল হয়ে
শুধুশুধু যাস যে ক্ষয়ে–
ফিরে দেখ মন, নিজের দিকে,
এসেছে আবার হেমন্ত– সেই ধোঁয়াশায় ফিকে।
পেরিয়ে যেতে হবে অন্তত দিগন্ত,
সবাই তো নয় যে সাধুসন্ত।
এভাবেই আসা, এভাবেই যাওয়া,
শূন্য যাকিছু– সেটাই তো পরম পাওয়া।
যদিও ইচ্ছেগুলোর অনেক দাবি,
হারিয়ে ফেলেছি অতঃপর মনের চাবি।
দৌড়ানোর প্রয়োজন নেইকো তাই,
দেখ্ চুপচাপ সময়– কোনদিকে ভাসিয়ে নিয়ে যায়?