
এসআইআর সংক্রান্ত সর্বদলীয় বৈঠক হলো আসানসোলে
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে গোটা রাজ্য জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর শুরু হয়েছে। ব্যতিক্রম নয় আসানসোল মহকুমা। মহকুমার দক্ষিণ ও উত্তর (যথাক্রমে ২৮০ ও ২৮১) এবং কুলটি (২৮২) বিধানসভায় এসআইআর সংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে একটি সর্বদলীয় বৈঠক হয়। আসানসোলে মহকুমাশাসকের (সদর) কার্যালয়ে আয়োজিত এই সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
বৈঠকে উপস্থিত সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এসআইআর সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের অগ্রগতি, বুথ লেভেল এজেন্টদের ভূমিকা ও ভোটারদের ফর্ম সংগ্রহে সহযোগিতা, এসআইআরের জন্য হেল্প ডেস্ক খোলা সহ ১২০০ জনেরও বেশি ভোটার থাকা বুথে অতিরিক্ত বিএলও নিয়োগ ইত্যাদি বিষয়গুলি উঠে আসে।

