
বোমাবাজিকে কেন্দ্র করে আতঙ্ক জগৎবল্লভপুরের
সুলেখা চক্রবর্তী, হাওড়া : রবিবার রাতে হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিায়ায় বোমাবাজির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,এলাকার তিন দুষ্কৃতী একটি রুটির দোকানে পাউরুটি কিনতে আসে। সেখানে দোকানের মালিকের সঙ্গে বচসা হয়। তারপরই ওই দুষ্কৃতীরা বাইরে থেকে লোক এনে বোমাবাজি শুরু করে দেয় বলে অভিযোগ। দোকানে বোমা চার্জের পাশাপাশি রাস্তায় মুড়ি মুড়কির মতো বোমা ফেলতে থাকে। এলাকার মানুষ জানিয়েছেন ১০থেকে ১৫ টি বোমা পড়ে। এই ঘটনায় দোকানের দুজন এবং এলাকার আরো দু-তিন জন আহত হয়। আহতদের নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতালে এবং স্থানীয় নার্সিংহোমে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। একটি বেকারি ফ্যাক্টরি নিয়ে গন্ডগোলে জেরে এই ঘটনা। দুইজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারনে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।তবে এত বোমা কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার লোকজন।

