স্বপ্ন দেখি রোজ রাতে

মায়া ঘোষ (কলকাতা)

স্বপ্ন দেখি রোজ রাতে
ঘুম ভাঙা ভোর মিষ্টি ছোঁয়া
পাখির কূজন ভাসছে হাওয়ায়
ভোরের মন্ত্রে সকলেই গাইছে সাম্যের গান,
বিবাদ বিষাদ সব উধাও
সকলের কন্ঠে একই সুর, সৌভ্রাতৃত্ব।

স্বপ্ন দেখি রোজ রাতে
সবুজ সমারোহে প্রস্ফুটিত কুঁড়ি
দিচ্ছে ডাক আগামীর
এসো আর ভয় নাই,
প্রাণ ভরে বাঁচো স্বপ্ন দেখো
দু-চোখ ভরে।
গরম ভাতের ধোঁয়া ওঠা থালা
পেট ভরে খাও, বাঁচো, বেঁচে ওঠো
নগ্ন শিশুর বুকের পাঁজর পড়ুক ঢাকা ক্ষুধার জ্বালা।
স্বপ্ন দেখি রোজ রাতে
শুনবো না আর নারী কন্ঠের অসহায় আর্তনাদ
হিংস্র হায়নার বিষাক্ত ছোবল হয়েছে শেষ।
শুনতে পাবো নারী তুমি হেঁটে চলো সাবলীল
ইচ্ছে ডানায় ভর করে,
সমস্ত লাঞ্ছনা অপমান হয়েছে অবসান।

স্বপ্ন দেখি রোজ রাতে
বেকারত্বের তীব্র জ্বালা বুকে সয়ে
বিদীর্ণ হৃদয়ে ফেলছে না কেউ অশ্রু বারি,
মানুষে মানুষে সকল ভেদাভেদ ভুলে
সুসজ্জিত রাজপথে হেঁটে চলেছে মানবতা
মনুষ্যত্বের আলোক ছটায় ঘুচে গেছে সকল ক্লেদ,
বিচারের বাণী আর কাঁদে না নীরবে নিভৃতে
জননেতার প্রতিশ্রুতিগুলো ধূলায় না মিশে
গড়ছে নানান কর্ম প্রকল্পের সৌধ
অবসাদগ্রস্ত যুবশক্তি লিপ্ত কর্মোদ্দীপনায়,
শ্রেষ্ঠত্বের আসনে বসেছে আমার জন্ম ভূমি
সকলের রাত কাটে ঘুম ভাঙা শান্তিতে।
স্বপ্ন দেখি রোজ রাতে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )