এসআইআর শুনানি – আসানসোলে সর্বদলীয় বৈঠক

এসআইআর শুনানি – আসানসোলে সর্বদলীয় বৈঠক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

           ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ ‘সার’ এর প্রথম পর্ব শেষ। গণনা ফর্ম জমা পড়ে গেছে। যাদের দেওয়া বিভিন্ন তথ্যে অসঙ্গতি পাওয়া গেছে তাদের নিয়ে শীঘ্রই শুরু হতে চলেছে শুনানি পর্ব। তারই প্রস্তুতি হিসাবে জাতীয় নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে আসানসোল মহকুমাশাসকের ( সদর) কার্যালয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্যের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠকে উপস্থিত  ছিলেন আসানসোল উত্তর ও দক্ষিণ এবং কুলটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

       তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য পাঁচটি জায়গায় শুনানি হবে বলে জেলা প্রশাসনের তরফে এদিন জানানো হয়েছে। যদিও  তৃণমূল কংগ্রেসের প্রস্তাব কমপক্ষে ১০ টি জায়গায় শুনানি প্রক্রিয়ার আয়োজন করা হোক। নাহলে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী দরিদ্র মানুষদের পক্ষে শুনানির জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও সেই সুযোগে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। তিনি আরও বলেন, যাদের শুনানির জন্য ডাকা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের শুনানি কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হবে।

          পরে মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য্য বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রশাসন ‘সার’ সংক্রান্ত শুনানি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। রাজনৈতিক দলগুলির প্রস্তাব মেনে শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু প্রস্তাব পাঠানো হয়েছে। প্রসঙ্গতঃ, আগামী ২৬ শে ডিসেম্বর থেকে আসানসোল মহকুমায় এই শুনানি প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা আছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )