আমতায় শুরু হলো সপ্তাহব্যাপী বইমেলা

আমতায় শুরু হলো সপ্তাহব্যাপী বইমেলা

রিমা ঘোষ, আমতা, হাওড়া:-

     ‘বই পড়ুন, বই কিনুন, বই উপহার দিন’ – এই মূল্যবান ভাবনাকে সামনে রেখে ‘আমতা বই সংস্কৃতি মেলা সমিতি’-র পরিচালনায় আমতা বালিকা বিদ্যালয় ময়দানের হীরেন্দ্রনাথ সরকার স্মৃতি মঞ্চে শুরু হলো সপ্তাহব্যাপী ‘আমতা বই ও সংস্কৃতি মেলা’। মেলা শেষ হবে ৩০ শে ডিসেম্বর। এবার নিয়ে এই মেলা ২২ তম বছরে পদার্পণ করল। মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থার মোট ২৫ টি স্টল বসেছে। 

       মেলার উদ্বোধন করেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডা. নির্মল মাজি। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রীতা দে। এছাড়াও  উপস্থিত ছিলেন হাওড়া জেলার কর্মাধ্যক্ষ বিমল দাস, আমতা-১নং গ্রাম পঞ্চায়েত প্রধান মল্লিকা সাউ, ভান্ডারগাছা গ্রাম পঞ্চায়েত প্রধান নীপা বাসু সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও বইপ্রেমী মানুষ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। 

      বইপ্রেমী মানুষদের স্বার্থে এই মেলার আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বিধায়ক বলেন – বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এইমেলার গুরুত্ব অপরিসীম। বইয়ের কোনো বিকল্প নাই। তিনি বলেন বর্তমান যুগের ছাত্রছাত্রীদের একটা বড় অংশ বই পড়া, লাইব্রেরীতে যাওয়া এবং মনোযোগ দিয়ে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। তাদের মূল আকর্ষণ হাতের ওই মোবাইলটির প্রতি। মোবাইলে বহু ভাল ভাল তথ্য পাওয়া গেলেও এর থেকে ভালোর পরিবর্তে খারাপ জিনিসগুলো আগে নিচ্ছে। তিনি আরোও বলেন, তারা অধিকাংশ সময় মোবাইল ব্যবহার করছে এবং মাথার পাশে রেখে ঘুমিয়ে পড়ছে। এর জন্যেই বর্তমান প্রজন্ম ব্রেন ক্যান্সার, নার্ভের রোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তাই তিনি আমতা বই মেলাকে উৎসাহিত করে এখানে আগত প্রত্যেককে বই কিনতে, বই পড়তে ও পড়াতে এবং বিভিন্ন অনুষ্ঠানে বই উপহার দিতে বলেন। তার বক্তব্য হলো বইয়ের বিকল্প কিছু নাই।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )