
ঘাসফুল ছেড়ে পুনরায় কংগ্রেসে ফিরলেন মৌসম বেনজির নুর
রামকৃষ্ণ চ্যাটার্জী, ফাইনাল এক্সপোজার-:
৭ বছর পর শনিবার দিল্লির ২৪ নং আকবর রোডে কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে তৃণমূল ছেড়ে পুনরায় কংগ্রেসে ফিরলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মির, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং মালদহ উত্তরের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী। ইতিমধ্যে তিনি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জীর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন এবং জানা যাচ্ছে সোমবার রাজ্যসভার সাংসদ পদ থেকেও তিনি ইস্তফা দেবেন। মৌসমের এই দলত্যাগকে তৃণমূল কংগ্রেস বিশেষ গুরুত্ব দিতে না চাইলেও মালদহের কংগ্রেস কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মত।
সাংবাদিক বৈঠকে ইশা খান চৌধুরী বলেন, “ওর রক্তে কংগ্রেস রয়েছে। অন্য দলে যাওয়ার ফলে আমাদের পরিবারের মধ্যেও বিভাজন তৈরি হয়েছিল। আজ সব বিভাজন ঘুচে গেল।”
কংগ্রেসে ফিরে তৃণমূলের বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করেননি মৌসম। এমনকি সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জ্জীকে ‘আমাদের নেত্রী’ বলেই উল্লেখ করেন তিনি। তবে বাংলায় পরিবর্তনের দরকার আছে বলে তিনি মনে করেন।

