বানী পাল (পাঞ্জাব)

ছত্রিশের আমি, অনেকবারই ভোট দেখেছি আগে
দেখিনি কখনো ভোটের সময় এমন ধর্মযুদ্ধ লাগে।
দলাদলি ছিল, তবে বিপদ আপদে সকলে ভাই ভাই
এখন শুধু কাদা ছোঁড়াছুঁড়ি দেখি,বদলে গেছে তারাই।
কোন ভগবান কোন দল হবে , জানতো কি শ্রী রাম?
হঠাৎ মাঝপথে এসে প্রভু জগন্নাথ, তিনিও বদনাম।
ছাড় পেলো না বীর হনুমান,প্রাণ দিলো কতো যীশু
ভোট আসলেই ভগবান হয়ে যায় অনাথ পথশিশু।
দোল ছাড়া এত রঙের খেলা,হয়নি কখনও আগে
লাল, কমলা, সবুজ আবির উড়তো না আগেভাগে।
ভোট আসলেই এপাশ ওপাশ গদি দখলের লড়াই
ভোট আসলেই মেকি প্রতিশ্রুতি, মনুষ্যত্বের বড়াই।
জায়গা জমির দখল দারিতে যত সম্পর্ক চেনা
নিলামির বাজারে আজ তাই মানুষের বেচাকেনা।
আইন কানুন সব ভাঙা পথ, দুর্নীতি মোড়ে মোড়ে
মিথ্যে সুতোয় সত্যের সেলাই,কেউ কি এমন করে?
কেউ সুখী নয়, কাঁদছে সবাই, সবার গায়েই চোট
জানতে ইচ্ছে করে, রক্ত নাকি জাতের নাম ভোট?