সঙ্গীতা কর (কলকাতা)

আপনাকে শুধুমাত্র নেতাজি ভাবতে আমার একটু আপত্তি আছে
আপত্তি আছে নেতাদের মতো দূরের নক্ষত্র ভাবতে!
যাঁরা মাটিতে নামেন না সহজে
যাঁরা দূর থেকে বজায় রাখেন উচ্চতা
যাঁদের কাছে পৌঁছানো যায় না
যাঁদের দেখলে ভয় হয়
আপনি তো তাঁদের মতো নন
আপনার কথা ভাবলেই আমার নতজানু মস্তিষ্ক শ্রদ্ধায় ভালোবাসার বার্তা পাঠায়।
আপনাকে শুধুমাত্র নেতাজি ভাবতে আমার আপত্তি আছে
আমি জানি নেতা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন অহরহ
যাঁর কথায় ঝরে পড়ে গাম্ভীর্য্য
আপনি ঠিক তাঁদের মতো নন,
আপনার আঙুল তোলা ছবি দেখলে
মনে হয় আমাকে প্রথম কেউ পথ চেনাচ্ছেন
যিনি একান্ত আমার আপনজন
যিনি আমার খুব নিজের কেউ
তাঁর সঙ্গে আমার নিবিড় যোগাযোগ।
এমনকি আপনি তাঁদের মতোও নন
যাঁরা সিংহাসন পাওয়ার আশায় নেতার স্থান দখল করে,
যাঁরা লড়াই করে ইতিহাস গড়ার জন্য
আপনি একেবারেই তাঁদের মত নন
আপনি ইতিহাসের পর্দা ভেদ করে চিরদিনের।
আমি বুঝি, আমি নিশ্চিত ভাবে বুঝি যে নেতা একদিন সিংহাসনে বসেন
অথচ আপনার বুকের মধ্যেই তো সিংহাসনের অধিষ্ঠান
আপনি পারেন আপামর মানুষকে সেখানে বসাতে
একজন নয়, দুজন নয়
সমগ্র ভারতবাসী আপনার বুকে স্থান খোঁজে।
আমি আপনাকে কোনোমতেই শুধুমাত্র নেতাজি ভাববো না
নেতা তো অন্ধকার সময় অতিক্রম করার জন্য আলো খোঁজেন
অথচ আপনার দু চোখ ভরা আলো ধ্রুবতারার মতো জ্বলতে থাকে অবিরত,
সেই আলোতে পথ খুঁজে নেয় অসংখ্য মানুষ
আপনি স্বয়ং ঠিকানা বিহীন পথের নিশানা
আপনাকে দেখেই গন্তব্যে পৌঁছে গেছে কতজন।
তবে আপনাকে শুধুমাত্র নেতাজি বলব কেন?
নেতারা তো মানুষের কথা শোনেন
কিন্তু আপনি যে না শুনেই বুঝে যান সব
মানুষের চাহিদা, মানুষের নিরাপত্তায় যিনি নিজেকে উৎসর্গ করে দিতে পারেন সহজেই
তিনি শুধু নেতাজি নন,
তিনি এই ভারতবর্ষের আত্মা
তিনি প্রতিটি ভারতবাসীর আত্মা
তিনি হলেন বিপ্লবের অমর আত্মা
যা আজও বর্তমান।