রিমা ঘোষ, আমতা, হাওড়া:-
‘সার’কে সামনে রেখে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার মাধ্যমে বিজেপির বাংলা দখলের চক্রান্তের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। তারা আহ্বানে সাড়া দিয়ে
জাতীয় ভোটার দিবসে বাংলার ভোটাধিকার রক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডা. নির্মল মাজির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়।
কলেজ মোড় সংলগ্ন তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে এই মিছিল সিটিসি বাসস্ট্যান্ডে শেষ হয়।তৃণমূলের জেলা মহিলা নেত্রী শিলা মাখাল,জেলা কর্মাধ্যক্ষ বিমল দাস সহ ব্লকের শতাধিক মহিলা ও নেতাকর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল থেকে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান ওঠে। ‘সার’-এর নামে তালিকা থেকে বৈধ ভোটারদের, বিশেষ করে বাংলার আদিবাসীদের নাম বাদ দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়।
বিধায়ক বলেন, ভোটারদের নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করার পরিবর্তে বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে হেনস্থা করছে তা এর আগে কখনোই দেখা যায়নি। আসলে বিজেপি বুঝতে পেরেছে এইরাজ্যে তারা সফল হতে পারবেনা। তাই তারা এই ঘৃণ্য পথ বেছে নিয়েছে। বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ করতে আসন্ন বিধানসভা নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি জনগণের কাছে আবেদন জানান।