রামকৃষ্ণ চ্যাটার্জ্জী: আসানসোল:-
মেয়র, ডেপুটি মেয়র, মেয়র-ইন-কাউন্সিলর, বিভিন্ন বরো চেয়ারম্যান ও সমস্ত কাউন্সিলারের উপস্থিতিতে আসানসোল পুরনিগমের জানুয়ারি মাসের বোর্ড বৈঠকে বাণিজ্যিক ও অ-বাণিজ্যিক সমস্ত ধরনের সম্পত্তি করের উপর ২০ শতাংশ ছাড় দেওয়া সহ শহরের উন্নয়ন ও নাগরিকদের সুবিধার্থে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে এই ছাড় আগামী ৩১ শে মার্চ পর্যন্ত বজায় থাকবে। কর জমা নেওয়ার জন্য সমস্ত বরো অফিসে বিশেষ ক্যাম্প চালু করা হবে। কর্তৃপক্ষের মতে, এরফলে করদাতারা যেমন আর্থিক স্বস্তি পাবেন, তেমনি পুরনিগমের রাজস্ব সংগ্রহও গতিশীল হবে।
শহরের পরিকাঠামোগত উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে বৈঠকে প্রায় ১০০টি নতুন বিল্ডিং প্ল্যান অনুমোদন করা হয়েছে। কর্তৃপক্ষ মনে করে এরফলে স্থানীয় স্তরে কর্মসংস্থানের সৃষ্টি হবে।
উন্নয়ন প্রকল্পে জোর দেওয়ার জন্য বৈঠকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের অধীন বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সাংসদ তহবিল, বিধায়ক তহবিল ও কাউন্সিলর তহবিলের মাধ্যমে রাস্তা, নিকাশি, পানীয় জল সহ একাধিক প্রকল্প দ্রুত শেষ করার উপর জোর দেওয়া হয়। পাশাপাশি স্ট্রিট লাইট, রাস্তা নির্মাণ সহ অন্যান্য বকেয়া উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। পুরনিগম কর্তৃপক্ষের আশা, এরফলে আগামী দিনে আসানসোল শহরের নাগরিক পরিষেবায় যথেষ্ট উন্নতি হবে।
এর আগে বৈঠকের শুরুতেই সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ নিহতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।