সঙ্গীতা কর (কলকাতা)

বাংলা, সে কোথায় থাকে?
জিজ্ঞেস করো সেই কবিকে,
কপোতাক্ষ নদের তীরে
প্রত্যাবর্তন যাঁর আপন নীড়ে,
বর্ণ তাঁর কলম জুড়ে
কাব্য বেঁধেছে শব্দে মুড়ে।
বাংলা, সে কোথায় থাকে?
জিজ্ঞেস করো শহীদ মাকে,
যাঁর সন্তান দিয়েছে প্রাণ
রেখে গিয়েছে স্নেহের ত্রাণ,
সেই মা-ই জানে শুধু
শূন্যতায়ও বাংলা মধু।
বাংলা, সে কোথায় থাকে?
জিজ্ঞেস করো উদাস বাউলকে,
মত্ত হয়ে গানের নেশায়
সাধন-ভজনে সুর মেশায়,
ভক্তি রসের অমৃত ধারায়
তাঁর বাংলা আধ্যাত্মিকতায়।
বাংলা, সে কোথায় থাকে?
জিজ্ঞেস করো সেই বিপ্লবীকে,
ছেড়েছে যে মাটির টানে
আপন সুখে থাকার মানে,
সেইতো জানে এই বাংলায়
আত্ম বলিদান হয় শ্রদ্ধায়।
বাংলা, সে কোথায় থাকে?
জিজ্ঞেস করো সব বাঙালিকে
যাঁদের মুখের হাসি, কান্নায়
বাংলা দোলে খুশির দোলায়,
এই ভাষাতেই পায় তাঁরা
দুঃখ-সুখের অঝোর ধারা।
বাংলা, সে কোথায় থাকে?
জিজ্ঞেস করে দেখো নিজেকে,
মৌন মুখে, চোখের কোনে
কথ্য ভাষায় সংগোপনে,
শ্বাসে ভরা হৃদয় গাঁথা
সবখানেতে আসন পাতা।