রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
শিক্ষা থেকে কর্মসংস্থান সংখ্যালঘুদের উন্নয়ন থেকে নানান ইস্যুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। আসানসোলে নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিধানসভায় সংখ্যালঘু সম্প্রদায় প্রসঙ্গে তার করা মন্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ করা হয়েছে।
অগ্নিমিত্রা দেবীর দাবি, তৃণমূল আমলে গত ১৫ বছরে রাজ্যের সংখ্যালঘু সমাজের প্রকৃত উন্নয়ন হয়নি। সংখ্যালঘুদের কর্মসংস্থানের প্রশ্নে রাজ্য সরকারকে আক্রমণ করে তার দাবি কতজন সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক প্রশাসনের উচ্চপদে সুযোগ পেয়েছেন তার স্পষ্ট হিসাব সরকার দেয়নি। ‘যুব সাথী’ প্রকল্পে নাম নথিভুক্ত করতে দীর্ঘ লাইনের ছবি রাজ্যের কর্মসংস্থানের কঙ্কালসার চেহারা তুলে ধরছে। তার অভিযোগ, প্রকল্পে নথি জমা দেওয়ার পর রসিদ দেওয়া হচ্ছেনা। শিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে তার দাবি শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে যুব সমাজকে প্রশ্নহীন রাখার চেষ্টা চলছে। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে টিকিট বণ্টনে আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন তিনি। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
