বাড়লো গ্যাসের দাম, একধাক্কায় ৬০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, বাণিজ্যিক সিলিন্ডারেও বড় কোপ

বাড়লো গ্যাসের দাম, একধাক্কায় ৬০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, বাণিজ্যিক সিলিন্ডারেও বড় কোপ

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার:- 

বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অস্থিরতা এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশলে। পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে চলা দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। তার প্রভাবেই আজ, ৭ই মার্চ থেকে দেশজুড়ে রান্নার গ্যাসের দাম একধাক্কায় অনেকটা বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ১১ মাস স্থিতিশীল থাকার পর এই নিয়ে দ্বিতীয়বার ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ভারতে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC)-এর ওয়েবসাইট অনুযায়ী, ১৪.২ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের দাম বেড়েছে ৬০ টাকা। প্রধান শহরগুলিতে নতুন দাম দাঁড়িয়েছে:

* কলকাতা: ৯৩৯ টাকা

* দিল্লি: ৯১৩ টাকা (আগে ছিল ৮৫৩ টাকা)

* মুম্বই: ৯১২.৫০ টাকা

* চেন্নাই: ৯২৮.৫০ টাকা

শুধু সাধারণ মানুষের রান্নাঘর নয়, বড় ধাক্কা খেয়েছে হোটেল ও রেস্তোরাঁ শিল্পও। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম একলাফে বাড়ানো হয়েছে ১১৪.৫ টাকা। চলতি বছরের ১ মার্চ থেকে এই নিয়ে দ্বিতীয়বার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। সব মিলিয়ে চলতি বছরেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল প্রায় ৩০২.৫০ টাকা। দিল্লিতে এখন এই সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৮৮৩ টাকা। এর ফলে বাইরে খাওয়ার খরচ বা রেস্তোরাঁর খাবারের দাম বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

তবে গ্যাসের দাম বাড়লেও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা প্রায় ১০ কোটি গ্রাহকের জন্য স্বস্তির খবর বজায় থাকছে। সরকার জানিয়েছে, বছরে ১২টি সিলিন্ডার পর্যন্ত প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে। ফলে খোলা বাজারে দাম বাড়লেও তাঁদের ওপর বাড়তি বোঝার চাপ কিছুটা কম হবে।

শিল্প মহলের বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানির জোগান ও দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এর আগে গত বছরের এপ্রিল মাসে সিলিন্ডার পিছু ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তবে সংশ্লিষ্ট আধিকারিকদের দাবি, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় ভারতে রান্নার গ্যাসের দাম এখনও অনেকটাই নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা না কমলে আগামী দিনে জ্বালানির দাম কোন দিকে যায়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আমজনতা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *