সোমেন চ্যাটার্জী (কলকাতা)

যা পেয়েছি তা পাবার ছিল
যা শুনেছি তা শোনার
যা দেখেছি তা দেখার ছিল
কারন জীবনটা তো আমার।
যা ছিল তা আমারই ছিল
শুধু সময়ের অপেক্ষায়,
যা কিছু ঘটার ঘটেই গেল
থাকে না বোঝার উপায়।
যা আজ ঘটবে ঘটেই যাবে
ভালো-নয়তো মন্দ,
যা পেয়েছি তা সামান্যই হোক
হৃদয়ে থাক আনন্দ।
যা দেখে আমরা আমার বলি
যা নিয়ে হৃদয় ভার,
আসলে “আমার আমার” শব্দটাই
মিথ্যার অহংকার।
যা আসলে আসা-যাওয়া
যা যতটুকুই জীবন ধারণ,
কি পেলাম না কি হারালাম
বুঝিনা এর কি কারণ।
যা খুশি তা ভেবেই ফেলি
যা খুশি তাই বলি,
বিষয় সম্পত্তি পাহাড় প্রতিপত্তি
বুকে আগলে চলি।
যা ভাবনার তা ভাবিনা কখনো
যা বুঝার তা বুঝি না,
নিজের আসা নিজেরই যাওয়ার
রূপটা জানি খুঁজি না।
যা জীবন দিয়ে আগলে রাখি
যা পেয়েছি এখান থেকে,
যা কিছু পেলাম যাবার বেলায়
সব পড়ে রবে একে একে।