মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

“লাইচবি নাকি বিটি”..!
পিছন ফিরে কুসুম দেখে, এত্তগুলো পলাশ মালা রিমলি দিদির হাতে।
“কত্ত দিন পর দেখলাম রে বিটি তুকে!
গেরামটাকে ভুললি বটে, ডাক্তার দিদিটো হয়ে “!
কুসুমের চোখ ভরা নদী, অভিমানের ঢেউ,
মনের নাগাল পেতেই ফেরে উড়োজাহাজ চড়ে। মাকে যে কথা দিয়েছে আসবেই এবার ঘরে !
কুসুম বলে,
“মাথার পাশে লাগিয়ে দেনা, একটা মালা তবে,” মনের সুখে লাইচবো আজ তুদের সাথে হাটে!”
রিমলির হাসি আকাশ মাতায় ;
খিলখিলিয়ে বলে,
“বাইজবে মাদল, উঠোবি তাল ঠমক্ ঠমক্ পাইয়ে,
শহর আজ বুইজবে বটে, বসন্ত আগ লাগাইংছে তুর মুইন্যে ;
দেকনা কেমন উঠোই তাল, হাতঠো ধরনা সুখে,
বসন্তের ঐ কোকিলা তুই আয়না মুদের সনে।”©️