এসআইটি-তে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

এসআইটি-তে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


নারীর অধিকার, সামাজিক ন্যায়বিচার ও স্বাস্থ্য সচেতনতার বার্তা; ছাত্র-ছাত্রী ও কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির

ভাস্কর চক্রবর্তী | শিলিগুড়ি | ৯ মার্চ:-

শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজি (এসআইটি)-তে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠানটির স্যার জে.সি. বোস সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নারীর অধিকার, ন্যায়বিচার এবং সামাজিক অগ্রগতির গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ কলকাতা ল’ কলেজের সহকারী অধ্যাপক ড. মৌস্রী বসিষ্ঠ। তিনি তাঁর বক্তব্যে নারীদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য শিক্ষা এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, একটি উন্নত ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী প্রীতি মিত্র। তিনি “গিভ হার গেইন” শীর্ষক আলোচনায় সমাজে নারীদের ক্ষমতায়ন ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরেন এবং সকলকে নারী উন্নয়নের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসআইটি-র ছাত্রী ও কর্মীদের জন্য একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। নেটিয়া গেটওয়েল হাসপাতাল এবং মনোকামনা হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে চিকিৎসক মহুয়া চৌধুরী, অনন্যা সাহা এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ মনিকা আগরওয়াল উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

এই প্রসঙ্গে প্রতিষ্ঠানের এক কর্তা বলেন, “নারীর ক্ষমতায়ন ও সুস্বাস্থ্য নিশ্চিত করা একটি উন্নত সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। আন্তর্জাতিক নারী দিবসের মতো এই ধরনের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা আরও দৃঢ়ভাবে পালন করতে উৎসাহিত করে।”

নারী স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয় বলে মনে করছেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *