রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
হাইকোর্টের নির্দেশ মেনে এলাকার অবৈধ নির্মাণ ভাঙতে বড়সড় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পুরনিগম। জানা যাচ্ছে আগামী ১৬ ই মার্চ পুলিশ বাহিনী এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে তারা এই অভিযান শুরু করতে চলেছে।
প্রসঙ্গত কুলটির মৌজা পুনরি এলাকার বাসিন্দা জনৈক বিজয় মাজি প্রায় সাড়ে ১৫ হাজার বর্গফুট জায়গা জুড়ে (এল.আর প্লট নম্বর ৭৪০) অবৈধ ও অনুমতিহীন নির্মাণ করেছিলেন। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। গত ২৩ শে ফেব্রুয়ারি আদালত ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে আসানসোল পুরনিগমের তদারকি ইঞ্জিনিয়ার আনুষ্ঠানিক নোটিশ জারি করেছেন। অভিযান সফল করতে পুরনিগমের পক্ষ থেকে একটি দল গঠন করা হয়েছে।
এই দলে থাকছেন কার্যকরী ইঞ্জিনিয়ার আর. কে. শ্রীবাস্তব, সহকারী ইঞ্জিনিয়ার নয়ন নস্কর সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। পুরনিগম প্রশাসন স্পষ্ট জানিয়েছে, কোনো অবৈধ নির্মাণ রেহাই পাবে না। প্রশাসনের এই প্রস্তুতি ঘিরে এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।
