রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে সারা দেশে রান্নার গ্যাস সরবরাহে সমস্যার সৃষ্টি হয়েছে। গ্যাসের দাম বেড়েছে। গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। ফলে আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে গ্যাসের বেআইনি মজুত বন্ধ করার লক্ষ্যে আসানসোলের একাধিক গ্যাস সিলিন্ডার সরবরাহকারী গুদামে হানা দিল মহকুমা প্রশাসন এবং ‘আড্ডা’-র পুলিশ কমিশনারেটের একটি দল। দলে ছিলেন মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, এসিপি (ইবি) মহম্মদ হারুন সহ অন্যান্যরা।
পরিদর্শনের সময় আধিকারিকরা গ্যাস সিলিন্ডারের স্টক পরীক্ষা করেন। পাশাপাশি তারা গ্রাহকদের সাথে কথা বলেন। মহকুমাশাসক (সদর) বলেন, সরবরাহকারীদের স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই হাসপাতাল, স্কুল ও আইসিডিএস কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহে কোনো ব্যাঘাত ঘটানো যাবেনা, বেআইনিভাবে মজুত করা যাবেনা। এইধরণের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


