সাগর বিধানসভায় বিজেপি প্রার্থী সুমন্ত মন্ডলকে ঘিরে উৎসাহ, শুরু হল জোরদার নির্বাচনী প্রচার।

সাগর বিধানসভায় বিজেপি প্রার্থী সুমন্ত মন্ডলকে ঘিরে উৎসাহ, শুরু হল জোরদার নির্বাচনী প্রচার।

রমেশ রায়, দক্ষিণ চব্বিশ পরগনা:-

পশ্চিমবঙ্গের আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় ১৩২ নম্বর সাগর বিধানসভা কেন্দ্রের জন্য বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সুমন্ত মন্ডলের নাম। তিনি এবারের নির্বাচনে সরাসরি লড়াইয়ে নামছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার বিরুদ্ধে।
প্রার্থী ঘোষণার পর থেকেই সাগর বিধানসভা জুড়ে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কেন্দ্রে জয়ের ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী।
আজ সাগরে নির্বাচনী প্রচারের সূচনা করতে আসেন বিজেপি প্রার্থী সুমন্ত মন্ডল। তার আগমনকে ঘিরে সকাল থেকেই কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। কচুবেড়িয়া ভেসেল ঘাটে পৌঁছানোর পর তাকে ফুলের মালা পরিয়ে এবং গলায় উত্তরীয় দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকরা।
এরপর কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে একটি বিশাল বাইক র‍্যালির আয়োজন করা হয়। শতাধিক মোটরবাইক নিয়ে কর্মী-সমর্থকরা র‍্যালিতে অংশ নেন। সেখান থেকে শুরু করে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির পর্যন্ত এই র‍্যালি এগিয়ে যায়। পুরো পথজুড়ে ছিল স্লোগান, পতাকা এবং সমর্থকদের উচ্ছ্বাস। এলাকাবাসীর মধ্যেও এই র‍্যালিকে ঘিরে কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা যায়।
এবার প্রশ্ন উঠছে—কে এই সুমন্ত মন্ডল?
জানা গেছে, সুমন্ত মন্ডলের পিতার নাম হরে কৃষ্ণ মন্ডল। তার বাড়ি সাগর ব্লকের দক্ষিণ শিবপুর গ্রামে। পোস্ট অফিস দেবনিবাস এবং থানা ফ্রেজারগঞ্জ কোস্টাল এলাকার বাসিন্দা তিনি। ১৯৮৭ সালের ৮ই এপ্রিল জন্মগ্রহণ করেন সুমন্ত মন্ডল। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি—এমএসসি এবং বিএড ডিগ্রি অর্জন করেছেন। পেশায় তিনি একজন সহকারী শিক্ষক।
রাজনীতির ময়দানে নতুন মুখ হলেও তার শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক যোগাযোগকে সামনে রেখে বিজেপি নেতৃত্ব তাকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, সাগর বিধানসভায় তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সঙ্গে তার লড়াই কতটা জমজমাট হয় এবং শেষ পর্যন্ত কার ভাগ্যে জয়ের হাসি ফোটে।
এদিকে, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই সাগর বিধানসভা কেন্দ্র রাজনৈতিক লড়াইয়ের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *